

জাদু নবায়নের দিন: রুকইয়াহ ক্যালেন্ডার ২০২৬ যেভাবে আপনাকে হেফাজত দেবে
বছরের কিছু নির্দিষ্ট দিন আছে, যেদিন জাদুকররা বিশ্বাস করে তাদের আমল বেশি কার্যকর হয়। এই দিনগুলোকে তারা "নবায়নের দিন" বলে। ভারতবর্ষের জাদুকর-তান্ত্রিক সম্প্রদায়ের মধ্যে নির্দিষ্ট তিথি, অমাবস্যা-পূর্ণিমা এবং তারকা-মূর্তিপূজার দিনগুলোকে ঘিরে এই বিশ্বাস চলে আসছে। তারা এই দিনগুলোতে শক্তি কামনা করে, বিচ্ছেদ কামনা করে, কারো ক্ষতি কামনা করে।
এই বাস্তবতাকে সামনে রেখেই সুকুন লাইফ প্রস্তুত করেছে রুকইয়াহ ক্যালেন্ডার ২০২৬ — মুসলিমদের গুরুত্বপূর্ণ দিবস এবং জাদুকরদের বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট দিনগুলো আলাদাভাবে চিহ্নিত করে একটি বাৎসরিক সতর্কতামূলক গাইড।
রুকইয়াহ বাংলায় ঝাড়ফুঁক অর্থে ব্যবহৃত হলেও রুকইয়াহ শরইয়াহ'র প্রকৃত অর্থ আল্লাহ তায়ালার নিকট আশ্রয় প্রার্থনা ও সুস্থতা কামনা। দুনিয়ায় আমাদের আগমনই শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তাই মাসনুন আমলে সকাল-বিকাল দোয়া ও কোরআন পাঠের রুকইয়াহ'র মাধ্যমে আমরা আশ্রয় প্রার্থনা করে থাকি।
কিছু বিশেষ দিন থাকে যেসময় আল্লাহ তায়ালা বিশেষভাবে দোয়া কবুল করেন। আমরা এই সময়কে আশ্রয় আবেদনের বিশেষ সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু শয়তানও বসে নেই। সেও বছরের নির্দিষ্ট দিন ও সময়ে তার চক্রের প্রার্থনা গ্রহণের বিশ্বাস তৈরি করেছে। এই দ্বৈত বাস্তবতা মাথায় রেখেই ক্যালেন্ডারটি সাজানো হয়েছে।
জাদু নবায়ন বলতে বোঝানো হয়, নির্দিষ্ট কিছু দিনে জাদুকররা নতুনভাবে জাদু করে। এটি একটি বাস্তব বিষয়, যা নির্দিষ্ট সময় ও দিনে অধিক হারে ঘটে। জাদুকররা বিশ্বাস করে — নির্দিষ্ট দিন ও সময়ে তাদের জাদু বেশি কার্যকর হয়, ঠিক যেমন আমরা বিশ্বাস করি নির্দিষ্ট সময়ে দোয়া কবুল হয়। এজন্যই মানুষ ও জিনদের মধ্যে থাকা জাদুকররা নির্দিষ্ট সময়ে জাদু করে থাকে।
এর মানে এই নয় যে, তারা বিশ্বাস অনুযায়ী জাদু করলেই উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হবে। আল্লাহ তায়ালা সূরা বাকারার ১০২ নং আয়াতে বলেন, জাদুকররা কিছুই করতে পারে না আল্লাহ তায়ালার অনুমতি ছাড়া — অর্থাৎ জাদুর কোনো শক্তিই নেই, যদি তিনি আমাদের হেফাজত করেন। সুতরাং আমাদের কাজ আতঙ্কিত হওয়া নয়, সতর্ক হওয়া। বেশি বেশি নিরাপত্তা কামনা করা।
তবে এটাও মনে রাখা জরুরি — জাদু নবায়ন শুধু নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, যেকোনো সময়ই হতে পারে। তাই অপেক্ষা না করে সর্বদা সতর্ক থাকা এবং মাসনুন আমল ও হেফাজতের দোয়ায় গুরুত্ব দেওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব।
চারটি স্তরে লক্ষণগুলো ভাগ করা যায়।
স্বপ্নে: খাবার খাওয়া, প্রাণী তাড়া করা, আগুন জ্বলা বা জাদুকরের আসন দেখা, কবরস্থান দেখা, আকাশে ওড়া, প্রচুর পানি বা মাছ দেখা.
জাগ্রত অবস্থায়: হঠাৎ অচেনা ঘ্রাণ বা দুর্গন্ধ পাওয়া, যার বাস্তব কোনো উৎস নেই। আতঙ্কভাব ও ভয় বেড়ে যাওয়া.
শারীরিকভাবে: শরীর ব্যথা বা অবশ হয়ে যাওয়া, অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা, নির্দিষ্ট কাজে গেলে সমস্যা প্রকাশ পাওয়া.
মানসিকভাবে: অস্থিরতা বেড়ে যাওয়া, হঠাৎ কারো প্রতি অতিরিক্ত আকর্ষণ বা বিরক্তি, ভুলে যাওয়া বৃদ্ধি পাওয়া, সন্ধ্যার পর থেকে বিষণ্নতা বা নির্দিষ্ট সময়ে মন খারাপ লাগা, সংসারে অকারণে ঝগড়া লাগা.
এই লক্ষণগুলো একা একটি দেখা মানেই জাদু নয়। কিন্তু একসাথে কয়েকটি লক্ষণ, বিশেষত নির্দিষ্ট দিনগুলোর আশেপাশে দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।
• ফরজের সাথে মাসনুন আমলে গুরুত্ব দিন: সকাল-সন্ধ্যার মাসনুন দোয়া, প্রতি ওয়াক্তের নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ফালাক-নাস ৩ থেকে ৭ বার পড়ে শরীরে ফুঁ দিন।
• পূর্ব থেকে জাদু বা জিনগত সমস্যা থাকলে বিশেষ দিনগুলোতে সতর্ক থাকুন: প্রয়োজনে আগে থেকে রুকইয়াহ করে নিন। সিনিয়র রাকির তত্ত্বাবধানে চিকিৎসা করুন। সেলফ রুকইয়াহতে গুরুত্ব দিন, সপ্তাহে অন্তত দুই দিন রুকইয়াহ গোসল করুন।
• মন ও শরীরের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করুন: এমন হলে দ্রুত সেলফ রুকইয়াহ করে জাদু নষ্ট করে নিন।
• পরিবারের সদস্যদের সতর্ক করুন: বিশেষ করে নবজাতক, পরীক্ষার্থী, ব্যবসার উন্নতি বা বিবাহের আলাপ চলাকালে, নব-দম্পতি এবং গর্ভবতী নারীদের এই সময় বাড়তি সতর্কতা জরুরি।
• হালাল-হারাম মেনে চলুন: বিশেষত শয়তানের সুর (মিউজিক) শোনা থেকে বিরত থাকুন, অপ্রয়োজনীয় স্ক্রিন-স্ক্রল ও রিলস দেখা বন্ধ করুন। বোনেরা ফরজ পর্দা মেনে চলুন।
আল্লাহর নিকট দোয়া করুন, যেন তিনি আমাদেরকে এসব থেকে হেফাজত করেন।
• ১. আয়াত ও সূরা পাঠ: সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস, সিহরের আয়াত — অর্থাৎ সূরা বাকারা (১০২), সূরা আরাফ (১১৭-১২২), সূরা ইউনুস (৮১-৮২), সূরা ত্বাহা (৬৯) — এই আয়াতগুলো ৩/৭ বার মাথা ও ব্যথার স্থানে হাত রেখে পাঠ করে ফুঁ দিতে হবে। সমস্যা বেশি হলে শিফার আয়াত যুক্ত করা যায়।
• ২. পানিতে দম: পড়ার সময় সামনে পানি নিয়ে তাতে ফুঁ দিয়ে পান করতে হবে। প্রয়োজনে পানিতে মধু মেশানো যেতে পারে। স্বপ্নে খাওয়ার দৃশ্য দেখা গেলে সোনাপাতা বা বরইপাতা মিশালে উপকার বেশি হবে।
• ৩. গোসল: সমস্যা বেশি হলে এই পড়া পানি দিয়ে গোসল করবেন। এক বালতি পানি নিয়ে উল্লিখিত আয়াতসমূহ পাঠ করে ফুঁ দিন।
• ৪. বিশেষ গোসল: সাতটি তাজা বরইপাতা বেটে বা সাত চিমটি বরইপাতা গুঁড়া নিয়ে এক বালতি পানিতে মিশিয়ে উপরের আয়াতসমূহ পড়ে ফুঁ দিন। এখান থেকে এক গ্লাস পান করুন এবং বালতির পানি দিয়ে গোসল করুন। এই গোসলে জাদু নষ্টে অধিক উপকার পাওয়া যায়।
• ৫. সময়কাল: এভাবে ১/৩/৭ দিন ধারাবাহিকভাবে সেলফ রুকইয়াহ করলে অধিকাংশ সমস্যাই দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।
সমস্যা অতিরিক্ত হলে, বারবার জাদু নবায়ন ও জিনের আক্রমণের শিকার হলে — অভিজ্ঞ রাকির তত্ত্বাবধানে জিন, জাদু ও বদনজর সমস্যার সমাধানে রুকইয়াহ করাতে হবে। নিজে চেষ্টা করে সমাধান না হলে দেরি না করে বিশেষজ্ঞ রাকির কাছে যাওয়াই সুন্নাহসম্মত পথ।
রুকইয়াহ ক্যালেন্ডার ২০২৬-এ প্রতি মাসের গ্রেগরিয়ান তারিখের পাশাপাশি হিজরি মাস, দুই ধরনের চিহ্নিত তারিখ এবং প্রাসঙ্গিক তিথি (অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি) উল্লেখ করা হয়েছে।
• লাল চিহ্নিত তারিখ: এই দিনগুলোতে সাধারণত জাদুর প্রভাব নবায়ন করার চেষ্টা করা হয়। এই দিনগুলোতে উপরের সতর্কতা ও আমলগুলো বিশেষভাবে মেনে চলা উচিত।
• নীল চিহ্নিত তারিখ: সাধারণ ইসলামি ছুটির দিন ও বিশেষ দিবস হিসেবে চিহ্নিত।
• আইয়ামে বীজ: প্রতি হিজরি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে 'আইয়ামে বীজ' বলা হয়। এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত।
হিজরি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় ক্যালেন্ডারে উল্লিখিত হিজরি তারিখ আনুমানিক। প্রতিটি মাসের শুরুতে স্থানীয় চাঁদ দেখা সাপেক্ষে দিন সমন্বয় করে নিতে হবে।
এই ক্যালেন্ডার ভয় দেখানোর জন্য নয় — প্রস্তুতির জন্য। জাদু-বিদ্যার প্রতি আগ্রহ বা এর "শক্তি" নিয়ে অতিরিক্ত আলোচনা আকিদাগতভাবে ক্ষতিকর, কারণ প্রকৃত ক্ষমতা কেবল আল্লাহ তায়ালার। আমাদের কাজ কবিরাজ, তান্ত্রিক বা তাবিজের কাছে দৌড়ানো নয় — বরং কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ, তাওয়াক্কুল ও নিয়মিত মাসনুন আমলের মাধ্যমে হেফাজত নেওয়া। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং তাঁর নির্দেশিত আমল ধরে রাখে, শয়তান বা জাদুকরের কোনো চক্রান্তই তার কোনো ক্ষতি করতে পারে না, ইনশাআল্লাহ।
— সুকুন লাইফ, ইসলামিক হিলিং সেন্টার